যোগ্য বিকল্প থাকা সত্ত্বেও গভর্নর নিয়োগে দুর্বল পদক্ষেপ নিয়েছে সরকার: সিপিডি

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে সরকার যথেষ্ট দৃঢ় ও বিবেচনাপ্রসূত পদক্ষেপ নেয়নি বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি ছিল।

আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ‘নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত: ১৮০ দিন ও তারপর’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম হোসেন এসব কথা বলেন।

নতুন গভর্নরের নিয়োগ নিয়ে তিনি বলেন, বর্তমান গভর্নরের বিভিন্ন বিষয়ে সমালোচনা হচ্ছে। সরকার চাইলে এ ধরনের বিতর্ক এড়িয়ে অধিক গ্রহণযোগ্য ব্যক্তিকে নিয়োগ দিতে পারত। যোগ্য ও অভিজ্ঞ বিকল্প প্রার্থী সরকারের হাতে ছিল।

আর্থিক খাত সংস্কারে সদ্য সাবেক গভর্নরের ভূমিকার প্রশংসা করে ড. মোয়াজ্জেম বলেন, সম্প্রতি যেসব সংস্কার হয়েছে, তার বড় অংশই সাবেক গভর্নরের ব্যক্তিগত উদ্যোগে হয়েছে। তিনি দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন বাধা ও স্বার্থগোষ্ঠীর চাপ মোকাবেলা করে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়েছিলেন।

তিনি বলেন, সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখতে নতুন সরকারের তাকে দায়িত্বে বহাল রাখা দরকার ছিল। বর্তমান সরকারের আর্থিক খাতে সংস্কারের জন্য তাকে নিয়ে সরকার চলতে পারত। সাবেক গভর্নরের বিদায়ের প্রক্রিয়ার সমালোচনা করে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আবেদন থাকবে সাবেক গভর্নরকে ডেকে যেন সুন্দরভাবে বিদায় জানানো হয়।

বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগে সুনির্দিষ্ট ও আইনসম্মত মানদণ্ডের অভাব রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমানে ন্যূনতম বয়সসীমা ছাড়া অন্য কোনো স্পষ্ট যোগ্যতার শর্ত নেই। ভবিষ্যতে এ প্রক্রিয়াকে আইনি কাঠামোর আওতায় এনে নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা প্রয়োজন।

উদাহরণ হিসেবে তিনি ভারতের রিজার্ভ ব্যাংকের (আরবিআই) কথা উল্লেখ করেন। সেখানে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি কমিটি দীর্ঘ অভিজ্ঞতা, প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী যাচাই-বাছাই ও সাক্ষাৎকার গ্রহণ করে থাকে।

বাংলাদেশেও গভর্নরসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উচ্চপদে নিয়োগের ক্ষেত্রে একটি স্বাধীন কমিটির মাধ্যমে প্রাথমিক বাছাই, সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত এবং সেখান থেকে চূড়ান্ত নিয়োগ দেয়ার সুপারিশ করে সিপিডি।

আরও