ফেনীর পরশুরামের সীমান্তবর্তী এলাকা থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে ২১৭৪ নং সীমান্ত পিলার সংলগ্ন বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়দের অভিযোগ, সকাল ৯টার দিকে নুরুল ইসলাম সীমান্ত এলাকায় গেলে ভারতীয় বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢুকে তাকে ধরে নিয়ে যায়।
স্থানীয় রবিউল হক জানান, নুরুল ইসলাম কৈয়ার কোনা গ্রামের সুলতান আহাম্মদ ও হালিমা খাতুনের ছেলে। তার এক ছেলে ও তিন কন্যা সন্তান রয়েছে। তিনি গ্রাম থেকে সবজি ক্রয় করে বাজারে নিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার দুটি হাতে প্রতিবন্ধকতা রয়েছে।
বিজিবি ফেনী ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। তারা ওই ব্যক্তিকে ফেরত দেয়ার আশ্বাস দিয়েছেন।