ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব

নতুন এ নিয়ম কার্যকর হলে যেকোনো ব্যক্তি নতুন ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ জমা দিতে হবে। তবে শিক্ষার্থী, কৃষক, সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগী এবং পেনশনভোগীদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।

নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এখন থেকে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় অর্থমন্ত্রী এ ঘোষণা দেন।

প্রস্তাব অনুযায়ী, নতুন এ নিয়ম কার্যকর হলে যেকোনো ব্যক্তি নতুন ব্যাংক হিসাব খোলার সময় টিআইএন সনদ জমা দিতে হবে। তবে শিক্ষার্থী, কৃষক, সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগী এবং পেনশনভোগীদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।

বর্তমানে দেশে ১৭ কোটির বেশি ব্যাংক হিসাব রয়েছে। সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হলে নতুন করে ব্যাংক হিসাব খুলতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য টিআইএন সনদ বাধ্যতামূলক হবে।

মূলত দেশের করদাতার সংখ্যা ও রাজস্বের আওতা বাড়াতেই সরকার এ পদক্ষেপ নিতে যাচ্ছে।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এতে বাজেট ঘাটতি দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশ।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, প্রস্তাবিত রাজস্ব আয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৯১ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মোট রাজস্ব আয় জিডিপির ১০ দশমিক ২ শতাংশের সমান।

তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা জিডিপির ১৩ দশমিক ৭ শতাংশ। এটি চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাবদ ৩ লাখ কোটি টাকাসহ মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা। পরিচালন ও অন্যান্য খাতে ব্যয়ের প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা।

আরও