নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে শাহিন (২০) নামের এক যুবক মারা গেছে। শুক্রবার (২৫ জুলাই) ডুবে যাওয়ার আড়াই ঘণ্টা পর দুপুর একটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শাহিনের মরদেহ উদ্ধার করে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রুপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম। তিনি জানান, মৃত শাহীন রাজধানীর মুগদা এলাকার ইদ্রিস আলীর ছেলে। সে একটি ইন্টারনেট সার্ভিস সেন্টারে চাকরি করত।
নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের লিডার সিদ্দিকুর রহমান জানান, শুক্রবার সকালে রাজধানীর মুগদা এলাকা থেকে শাহীন তার তিন বন্ধু নোবেল, সিফাত ও কাজির সঙ্গে সাইকেল চালিয়ে রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় ঘুরতে আসে। সেখানে সকাল সাড়ে দশটার দিকে চার বন্ধু মিলে সরকারি মুড়াপাড়া কলেজের পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা সাঁতরে পুকুরের এপার থেকে ওপারে যাওয়ার সময় শাহীন পানিতে তলিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। ডুবে যাওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর ১টার দিকে নিখোঁজ শাহিনের মরদেহ উদ্ধার করে। ওসি জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।