রাজশাহীতে হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১৮ জন

হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একজন এবং বাকি দুজন জেলার একটি বেসরকারি হাসপাতালে মারা যায়।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১৮ জন। আর উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১২৩ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন শিশু। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪২৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে ৪৩ জনের।

অন্যদিকে, সিভিল সার্জন ডা. মো. রাজিউল করিম বলেন, জেলার বেসরকারি হাসপাতাল রয়েলে দুই শিশু হাম উপসর্গ নিয়ে মারা গেছে বলে আমরা খবর পেয়েছি।

রামেকের কর্তব্যরত চিকিৎসকরা বলছেন, যেসব শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা বেশি জটিলতার শিকার হচ্ছে। শিশুদের চিকিৎসায় হাসপাতালে ১৮টি আইসিইউ, তিনটি ওয়ার্ড এবং একটি আইসোলেশান ওয়ার্ডে সংক্রমণ নির্ণয় করে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও