নাটোর এলজিইডি

নতুন নির্বাহী প্রকৌশলীকে দায়িত্ব হস্তান্তরে গড়িমসি

নাটোরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নতুন নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামকে দায়িত্ব হস্তান্তরে গড়িমসির অভিযোগ উঠেছে বদলি হওয়া নির্বাহী প্রকৌশলী সুবাস কুমার সাহার বিরুদ্ধে। এমনকি সুবাস কুমার সাহার পক্ষ নিয়ে ঠিকাদারদের একটি পক্ষও এ ব্যাপারে শহিদুল ইসলামকে চাপ দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। সুবাস কুমার সাহার দাবি, মেয়ের এসএসসি পরীক্ষার জন্যই তিনি শহিদুল ইসলামকে দুই মাস পর দায়িত্ব হস্তান্তরের কথা বলেছেন মাত্র।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৯ ডিসেম্বর নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুবাস কুমার সাহাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বদলি করা হয়। একই সঙ্গে নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে নিয়োগ দেয়া হয় পাবনার অতিরিক্ত প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামকে। এ আদেশ পেয়ে গত বৃহস্পতিবার সকালে নতুন কর্মস্থলে যোগ দিতে আসেন তিনি। কিন্তু প্রকৌশলী সুবাস কুমার সাহা তাকে দায়িত্ব হস্তান্তরে গড়িমসি শুরু করেন। একই সঙ্গে তাকে দুই মাস পর দায়িত্ব বুঝে নেয়ার প্রস্তাব দেন। এতে অপারগতা জানিয়ে শহিদুল ইসলাম তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

এরপর বেলা দেড়টার দিকে এলজিইডি ভবনে আসেন পিংকি কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আশফাকুল ইসলামসহ আরো দুজন ঠিকাদার। তারা নির্বাহী প্রকৌশলীর কক্ষে গিয়ে শহিদুল ইসলামকে দুই মাস পর দায়িত্ব নেয়ার জন্য চাপ দেন। খবর পেয়ে ঠিকাদারদের আরেকটি পক্ষ ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ জানালে উভয় পক্ষ বাগিবতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

শহিদুল ইসলাম বলেন, আমি যোগদানপত্র হাতে পাওয়ার পর বৃহস্পতিবার নাটোর এলজিইডি ভবনে যাই। সেখানে যোগদানও করি। কিন্তু বর্তমান নির্বাহী প্রকৌশলী আমাকে দুই মাস পর দায়িত্ব বুঝিয়ে দেবেন বলে বলছেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যেদিন কর্তৃপক্ষ দায়িত্ব নিতে বলবে, সেদিন আমি দায়িত্ব গ্রহণ করব।

এ বিষয়ে সুবাস কুমার সাহা বলেন, আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। তাই এখানে থাকতে চেয়েছিলাম। কর্তৃপক্ষ দায়িত্ব বুঝিয়ে দেয়ার কথা বললে নতুন প্রকৌশলীকে তা বুঝিয়ে দেয়া হবে।

নতুন নির্বাহী প্রকৌশলীকে চাপ দেয়ার বিষয়ে জানতে পিংকি কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আশফাকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসলাম রমজান বলেন, সরকারি অফিস চলবে তার নিজের নিয়মে। এখানে ঠিকাদাররা হস্তক্ষেপ করতে পারবেন না।

আরও