সৈয়দপুরের ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) কোনো মন্তব্য করার এখতিয়ার নেই বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। পূর্বে এ বিষয়ে তার মন্তব্য ঘিরে অপতথ্য ছড়িয়ে পড়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন তিনি। বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ঠাকুরগাঁও জামায়তের আমিরের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানাবে বলে উল্লেখ করে তিনি বলেন, এ টাকা ও এর সোর্স (উৎস) যদি বৈধ হয়, তাহলে কোনো সমস্যা নেই। ব্যক্তিগত কাজে একজন নাগরিক যত খুশি টাকা বহন করতে পারেন। টাকা যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়, তবে সেটি ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ দেখবে। যদি অর্থটি অবৈধ উপায়ে অর্জিত হয় বা কালো টাকা হয়, তবে সেক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইনে ব্যবস্থা নেবে।
আখতার আহমেদ আরো বলেন, কিন্তু এ বিষয় ঘিরে আমার মন্তব্যকে অপব্যাখ্যা করে যে সংবাদ প্রকাশিত হচ্ছে, তা ঠিক নয়। নির্বাচনের আগের দিন এ ধরনের সংবাদ প্রকাশ ভোটের জন্য ক্ষতিকর।
একই দিন প্রায় ৭৪ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল হোসেনকে আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। সেখান থেকে তাকে সেনা হেফাজতে নেয়া হয়। নীলফামারীর পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন।