তবে এ সময়ে নতুন করে ৫৩০ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২১৪।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীর মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা মহানগর ব্যতীত) ২১৪ জন, চট্টগ্রামে ৭৩, বরিশালে ৭৩, খুলনায় ৮১, ময়মনসিংহে ৩৮, রাজশাহীতে ২৬, রংপুরে ২২ ও সিলেট বিভাগে তিনজন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১৫ হাজার ৮৩৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৩২১ ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ২ হাজার ৮৬১ এবং মারা যায় ৪১৩ জন। আগের বছর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। আর দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি দেখা যায় ২০২৩ সালে, যখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয় এবং প্রাণ হারায় ১ হাজার ৭০৫ জন।