ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারদের কার্যালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ নথি, সরঞ্জাম ও কর্মকর্তাদের নিরাপত্তা রক্ষায় এসব কার্যালয়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ সম্পন্ন হয়েছে। তাদের কার্যালয়ে সংরক্ষিত রয়েছে গুরুত্বপূর্ণ নির্বাচনি কাগজপত্র ও যন্ত্রপাতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এসব অফিসে নিরাপত্তা জোরদার করা জরুরি।
চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে অনুরোধ জানানো হয়েছে, যেন সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের ব্যবস্থা নেয়া হয়।
এর আগে ইসি, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার, চার কমিশনার, ইসি সচিব এবং মাঠ পর্যায়ের তিন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার জন্য বাড়তি নিরাপত্তা চেয়ে আবেদন করে। জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের জন্য বর্তমানে একটি গাড়িসহ পুলিশি এসকর্ট থাকলেও নির্বাচনকালীন সময়ে আরো একটি গাড়ি ও অতিরিক্ত এসকর্ট চাওয়া হয়েছে। একইভাবে, অন্যান্য কমিশনার ও সিনিয়র সচিবের বাসা ও অফিসে যাতায়াতের সময় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দেয়া হয়েছে।