নভেল করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জীবনরহস্য উন্মোচনের দাবি করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) গবেষকরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জিনোম সিকুয়েন্সগুলো এরই মধ্যে বিশ্বখ্যাত জিনোম ডাটাবেজ সার্ভার জিআইএসএআইডিতে জমা দেয়া হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় যেখানে অন্যান্য প্রতিষ্ঠানের সাহায্য নিয়ে জিনোম সিকুয়েন্স করেছে, সেখানে অপেক্ষাকৃত নবীন বিশ্ববিদ্যালয় হলেও নমুনা প্রসেসিং, ভাইরাস শনাক্ত, নিউক্লিক অ্যাসিড পৃথককরণ থেকে শুরু করে জিনোম সিকুয়েন্স
পর্যন্ত যবিপ্রবির গবেষকরা নিজেরাই করেছেন। ঢাকার বাইরে এই প্রথম কোনো ল্যাবে করোনাভাইরাসের জিনোম সিকুয়েন্স করা হলো। নড়াইল, ঝিনাইদহ ও বাগেরহাটে সংক্রমণ সৃষ্টিকারী ভাইরাস থেকে এ জিনোম সিকুয়েন্সগুলো করা হয়েছে। এর মাধ্যমে এ অঞ্চলে সংক্রমিত ভাইরাসের গতি-প্রকৃতি, তা কোত্থেকে ছড়াল ইত্যাদি বিষয়ে ধারণা পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, এ জিনোম সম্পর্কিত বিশ্লেষণ আমাদের গবেষকরা করছেন এবং এ অঞ্চলের ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে গবেষণা প্রবন্ধ শিগগিরই আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য পাঠানো হবে। ভবিষ্যতে এ ল্যাবে মেটাজেনোম করার মাধ্যমে রোগীদের সংক্রমণের তীব্রতার কারণ জানা যাবে।
একটি নবীন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ল্যাবে করোনা পরীক্ষার পাশাপাশি জিনোম সিকুয়েন্স করা নিঃসন্দেহে একটি সাফল্য উল্লেখ করে তিনি এর সঙ্গে সংশ্লিষ্ট সাহসী যোদ্ধাদের ধন্যবাদ দেন ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি অত্যাধুনিক অ্যানিমেল হাউজ ও গ্রিনহাউজ তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে বিএসএল-৩ ল্যাবরেটরি স্থাপন করে দুরারোগ্য ব্যাধি প্রতিরোধে ভ্যাকসিন তৈরিসহ আরো উচ্চমানের গবেষণা করতে তার গবেষক দল প্রস্তুত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রচণ্ড ঝুঁকি থাকা সত্ত্বেও যবিপ্রবি কর্তৃপক্ষ সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জাতির ক্রান্তিলগ্নে নমুনা পরীক্ষার কাজে হাত দেয়। তিনি বলেন, ‘আমার জানামতে, বাংলাদেশের নভেল করোনাভাইরাসের জিনোম সংক্রান্ত বিষয়ে ‘এ’ ক্যাটাগরির আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত প্রথম গবেষণাপত্রটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। এছাড়া এখানকার শিক্ষকদের বেশকিছু গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য রিভিউ পর্যায়ে আছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যবিপ্রবি ল্যাবে চলমান পরীক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত ড. ইকবাল কবীর জাহিদ, ড. সেলিনা আক্তার, ড. শিরিন নিগার, ড. তানভীর আহমেদ, কিবরিয়া ইসলাম প্রমুখ।