রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।
আজ শনিবার (৫ এপ্রিল) বিকালে রাজবাড়ী আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৪টার দিকে সজ্জনকান্দা এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি টহল দল। এ সময় একটি রিভলভার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। কাছেই তালাবদ্ধ একটি ঘর থেকে দুটি রামদা, তিনটি ছুরি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলি আইনি প্রক্রিয়ার জন্য রাজবাড়ী সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী জানায়। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রাসেল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।