ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও (কপালীপাড়া) এলাকা থেকে ১১ হাজার ৬০০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. রাসেল (২৯) নামে এক যুবককে আটক করা হয়।
আটক রাসেল জেলার কসবা উপজেলার কল্যাণসাগর এলাকার শিপন মিয়ার ছেলে। বৃহস্পতিবার (৩ জুলাই) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা ও ডিবি পুলিশের যৌথ দল এ অভিযান চালায়। মঙ্গলবার বিকালে অভিযানে একটি মাইক্রোবাস তল্লাশি করে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ডিসপ্লেগুলোর বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৩২ লাখ টাকা।
পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, আটক রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্তে অভিযান চলছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে অবৈধ পণ্য পাচার ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।