সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সাতক্ষীরার চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠান চারটির মোট ১৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও তাদের কেউ উত্তীর্ণ হয়নি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা প্রশাসন ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তারা।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠান চারটি হলো—সাতক্ষীরা সদরের পৌর এলাকার রাধানগরে অবস্থিত নৈশ মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি উপজেলার গোদাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, দেবহাটা উপজেলার বাবুরাবাদ ঢেপুখালী মাধ্যমিক বিদ্যালয় এবং শ্যামনগর উপজেলার সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়।
এর মধ্যে নৈশ মাধ্যমিক বিদ্যালয় থেকে সাতজন, গোদাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন, বাবুরাবাদ ঢেপুখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন এবং সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের কেউই পাস করতে পারেনি।
ফল প্রকাশের পর চার শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তিনটির প্রধান শিক্ষক মোবাইল ফোন বন্ধ রেখেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে গোদাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়বুন্নেছা বলেন, প্রতিষ্ঠার পর থেকে এ ধরনের ফল বিপর্যয় কখনো হয়নি। গত বছরও ছয়জন পরীক্ষার্থীর মধ্যে পাঁচজন পাস করেছিল। তবে এবার চারজনের কেউই উত্তীর্ণ হতে পারেনি। চার শিক্ষার্থীই ইংরেজিতে ফেল করেছে।
তিনি বলেন, ইংরেজি বিষয়ের শিক্ষককে কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন ফল না হয়, সে বিষয়ে গুরুত্ব দেয়া হবে।
সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ বণিক বার্তাকে বলেন, জেলায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করেনি—এটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।