কুমিল্লা-১০ আসনের লালমাই উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছে। তবে সিল মারা কোনো ব্যালট বাক্সে ঢুকাতে পারেনি বলে নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।
বণিক বার্তাকে তিনি বলেন, কয়েকজন লোক কেন্দ্রে এসে তিনটি কক্ষে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তারা ব্যালট ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তবে দায়িত্বরত কর্মকর্তাদের তৎপরতায় তা ব্যর্থ হয়। পরে ঘটনাস্থল থেকে সিল মারা ও ধস্তাধস্তিতে নষ্ট হয়ে যাওয়া কয়েকটি ব্যালট উদ্ধার করে সেগুলো বাতিল বাতিল ঘোষণা করা হয়।
এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় দুপুর দেড়টা থেকে প্রায় ৩টা পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুনরায় ভোটগ্রহণ শুরু হয় বলে জানান তিনি।