বাজারে মূল্যস্ফীতির হিসাবের সঙ্গে সরকারি পরিসংখ্যানের পার্থক্য নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে, তা নিরসনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। একই সঙ্গে পূর্ণাঙ্গভাবে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
তিনি বলেন, কোন পণ্যের মূল্য কত, কোন বাজার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং কীভাবে মূল্যস্ফীতি পরিমাপ করা হয়— তথ্য উপস্থাপনায় যেন তার পূর্ণ স্বচ্ছতা থাকে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনে বিবিএসের টাস্কফোর্সের খসড়া প্রতিবেদন উপস্থাপন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, পরিসংখ্যান প্রতিষ্ঠানের অভ্যন্তরে ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব সমাধানের জন্য রিপোর্টে সুনির্দিষ্ট ও শক্তিশালী প্রস্তাবনা রয়েছে। এছাড়াও, একটি নতুন ও শক্তিশালী প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার পরামর্শ দেয়া হয়েছে। যার প্রধান কীভাবে নির্বাচিত হবেন, তারও স্পষ্ট দিকনির্দেশনা দেয়া হয়েছে।
রিপোর্টের স্বাধীনতা ও দ্রুত বাস্তবায়নে জোর দিয়ে উপদেষ্টা বলেন, তারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেছে। তাদের রিপোর্টে আমলাতান্ত্রিক 'টেলরিং' বা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।