নারায়ণগঞ্জে এক দফা দাবির আন্দোলন সমর্থনে শহর ও মহাসড়কে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীরা।সকাল থেকেই সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে ছাত্র ও সাধারণ মানুষ।
সকাল ৭ টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবরোধ করা হয় মহাসড়কের সাইনবোর্ড ও মদনপুর এলাকা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ ও নগরীর চাষাড়ায় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করায় যানবচলাচল বন্ধ হয়ে যায়। মদনপুরে পিকআপভ্যানে আগুন, জেলা পরিষদের ভবন ও রাইফেল ক্লাব ভাংচুর করেছে আন্দোলনকারীরা।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি, শিবু মার্কেট, সস্তাপুর এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করে গার্মেন্টস শ্রমিক ও স্থানীয়রা। পরে আন্দোলনকারীরা জেলা পরিষদ কার্যালয় ভাংচুর করে।
বেলা ১১ টায় চাষাড়ায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর একে একে বিভিন্ন এলাকা থেকে শ্রমিক, সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা তাদের সঙ্গে যুক্ত হয়। এ সময় একদল জনতা চাষাড়া পুলিশ বক্স ও রাইফেলস ক্লাব ভাংচুর করে।
এদিকে গতকাল শনিবার (৩ আগস্ট) থেকে আন্দোলনকারীদের প্রতিহত করার ঘোষণা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে রোববার (৪ আগস্ট) সকাল থেকে তাদের প্রকাশ্যে দেখা যায়নি। দেখা যায়নি আইন শৃঙাখলা রক্ষাকারী বাহিনীকেও।