ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ উদ্যোগের আওতায় নগরীর ৮২ হাজার হোল্ডিংধারী মুসলিম পরিবারের মধ্যে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ শুরু হয়েছে। একই সঙ্গে ঈদের পর স্বল্প সময়ের মধ্যে নগরী পরিচ্ছন্ন রাখার ঘোষণা দিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর দরগাপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক। এ সময় তিনি কয়েকজনের হাতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দেন। পরে দরগাপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন।
রাসিক সূত্র জানিয়েছে, এ কার্যক্রমের আওতায় মহানগরীর প্রতিটি মুসলিম পরিবারকে তিনটি করে পরিবেশবান্ধব ব্যাগ দেয়া হচ্ছে। এছাড়া গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য দুটি বড় পরিবেশবান্ধব ব্যাগ ও এক কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য একটি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার দেয়া হচ্ছে।
মাহফুজুর রহমান রিটন বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেয়া হয়েছে। কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ এবং বর্জ্য দ্রুত অপসারণে এটি সহায়ক হবে। তিনি জানান, এসব পরিবেশবান্ধব ব্যাগ মাটির সঙ্গে সহজেই মিশে যাবে। ভবিষ্যতে রাজশাহীকে পলিথিনমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে তার।
রাসিক প্রশাসক আরো বলেন, কোরবানির বর্জ্য ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নগরবাসীর সহযোগিতা পেলে ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী উপহার দেয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ড্রেনের ওপর পশু জবাই করা এবং ড্রেনে রক্ত ও বর্জ্য ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। কোরবানির বর্জ্য নির্ধারিত ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখতে হবে, যাতে পরিচ্ছন্নতাকর্মীরা সহজে তা সংগ্রহ করতে পারেন। বর্জ্য অপসারণের পর ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয়ারও পরামর্শ দেন তিনি।
রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার বলেন, দেশের মধ্যে প্রথমবারের মতো এমন উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন। নগরবাসীর সহযোগিতা পেলে এ উদ্যোগ সফল হবে এবং সবাই এর সুফল পাবে।
এ সময় রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নজরুল হুদা, সহসভাপতি জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্যসচিব এমদাদুল হক লেমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।