সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে ৭৬২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
আজ রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে। এ সময় হামে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪ শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ শিশুর মধ্যে ৫ জন ঢাকা বিভাগের এবং ১ জন খুলনা বিভাগের। এ সময়ের মধ্যে সারা দেশে ১ হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর নতুন করে ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। নতুন এ আক্রান্তদের মধ্যে ১২৩ জনই ঢাকা বিভাগের বাসিন্দা।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ৭৬২টি শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৫৭ জন ভর্তি হয়েছে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৩৪ জন। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে রংপুরে ১১ জন এবং ময়মনসিংহে ২২ জন। সিলেট ও চট্টগ্রামে হাম শনাক্ত হয়েছে মাত্র ১ জন করে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে গত ২৯ দিনে দেশে হামে আক্রান্ত হয়ে মোট ২৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরো ১৫১ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩১২ জন এবং চট্টগ্রামে ১২০ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। বর্তমানে আক্রান্ত শিশুদের চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।