গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৩৮) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে সুন্দরগঞ্জ–গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম সুন্দরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামডাকুয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতা ও মৃগী রোগে ভুগছিলেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, গাইবান্ধা পৌরসভার হুড়াভায়া খাঁ এলাকায় ভোর ৪টার দিকে গাইবান্ধাগামী একটি অজ্ঞাত পরিবহন সড়ক দিয়ে যাওয়ার সময় সাইফুল ইসলামকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তিনি পরিবহনের নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ও মরদেহ থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় জড়িত পরিবহনের কোনো শনাক্তযোগ্য তথ্য এখনো পাওয়া যায়নি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ বলেন, নিহত যুবকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।