বায়তুল মোকাররমে সিরাজুল আলম খানের প্রথম জানাজা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ জুন) সকাল ১০টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তার জানাজা অনুষ্ঠিত হয়

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ জুন) সকাল ১০টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তার জানাজায় অংশ নেন রাজনৈতিক ব্যক্তিত্বসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে সিরাজুল আলম খানের মরদেহ গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে নেয়ার কথা রয়েছে। আজ বাদ আসর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আরেক দফা জানাজা হবে। এরপর সিরাজুল আলম খানের শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের শাড়িতে মুড়িয়ে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।

সিরাজুল আলম খান গতকাল শুক্রবার (৯ জুন) দুপুর আড়া্ইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

১৯৪১ সালের ৬ জানুয়ারি নোয়াখালীর বেগমগঞ্জ থানার আলীপুর গ্রামে সিরাজুল আলম খানের জন্ম। খুলনা জিলা স্কুল থেকে প্রথম বিভাগে এসএসসি পাস করেন তিনি। এরপর ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

ষাটের দশকে তৎকালীন ছাত্রলীগ নেতা আবদুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদকে নিয়ে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার নিউক্লিয়াস গঠন করেন সিরাজুল আলম খান। পাকিস্তানের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন সংগঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন তিনি। তবে দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর সঙ্গে মতভেদ তৈরি হয়। ছাত্রলীগ থেকে তিনি সরে পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনে ভূমিকা রাখেন সিরাজুল আলম খান।

আরও