চাঁদপুর থেকে চুরি হওয়া চালই নারায়ণগঞ্জের বন্দরে একটি গোডাউনে মজুদ করেছিলেন যুবলীগ নেতা জাবেদ হোসেন ভূইয়া। গত ২৯ এপ্রিল রাতে অভিযান চালিয়ে বন্দরের মদনপুর এলাকার কেওঢালা এলাকার একটি পোশাক কারখানার গোডাউন থেকে ১২শ’ বস্তা চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন। এগুলো চাঁদপুর থেকে চুরি হওয়া চাল এমনটা নিশ্চিত করেছেন বন্দরের ধামগড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক ইশতিয়াক আশরাফ রাসেল। এ ঘটনায় চাঁদপুর সদর থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন সেই থানার পরিদর্শক মোরশেদ আলম।
পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল ভোরে চাঁদপুরের প্রধান বাণিজ্যিক এলাকা পুরানবাজারে নদীর ঘাট থেকে স্থানীয় ব্যবসায়ীদের ২ হাজার ১শ’ বস্তা চাল নিয়ে একটি কার্গো উধাও হয়। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। এদিকে ২৯ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরের মনদপুরের কেওঢালা এলাকার হায়দার নিট কম্পোজিটের গুদামে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। গোডাউনটিতে স্থানীয় যুবলীগ নেতা জাবেদ হোসেন ভূইয়ার মজুদ করা ১২শ’ বস্তা চাল উদ্ধার করেন। জাবেদ মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার বলেন, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে গোডাউনটিতে অভিযান চালাই। সব মিলিয়ে ১২শ’ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। চাল মজুদের বিপরীতে কোন বৈধ কাগজ দেখাতে না পারায় চালগুলো জব্দ করা হয়েছে এবং গোডাউন সিলগালা করা হয়েছে।
নারায়ণগঞ্জে চাল উদ্ধারের সংবাদ গণমাধ্যমে প্রচারিত হলে চাঁদপুরে চুরি হওয়া চালের ব্যবসায়ীরা পুলিশের সাথে যোগাযোগ করেন। পরে যাচাই করতে কাগজপত্র নিয়ে চাঁদপুর সদর থানার ইন্সপেক্টর মোরশেদ আলমকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দরে উপস্থিত হন তারা। যাচাই-বাছাই শেষে চাঁদপুরের চুরি হওয়া চালই এখানে উদ্ধার হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের বন্দরের ধামগড় পুলিশ ফাড়ি ইনচার্জ পরিদর্শক ইশতিয়াক আশরাফ রাসেল জানান, চাঁদপুরে চুরি হওয়া চালের চালানের তথ্যের সাথে এই চালের মিল রয়েছে। চুরি হওয়া চালই নারায়ণগঞ্জে উদ্ধার হয়েছে। এ ঘটনায় যেহেতু চাঁদপুরে একটি মামলা রয়েছে সে অনুযায়ী নতুন করে মামলা হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
তবে এ ব্যাপারে মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন ভূঁইয়া জানান, চাঁদপুরের রাশেদ আহমেদ নামের এক ব্যক্তির কাছ থেকে চালগুলো ক্রয় করেছিলেন। কম দামে চাল পাওয়ার কারণে তিনি গোডাউনে মজুদ করেছিলেন। দুর্যোগের সময় যদি কেউ ত্রাণ বিতরণ করে তাদের কাছে বিক্রি করার জন্য।
এ ব্যাপারে চাঁদপুর সদর থানার ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোরশেদ আলম জানান, চাল চুরির ঘটনায় চাঁদপুর সদর থানা রাশেদ আহমেদ নামের এক ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। চুরির আইন অনুযায়ী চোরাইপণ্য যার কাছে পাওয়া যাবে তিনিও আসামি। সে হিসাবে মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের হেফাজতে চাল উদ্ধার হয়েছে মামলায় তিনিও অন্তর্ভুক্ত হবেন। এছাড়া তদন্তে আরো যদি কারো নাম বেরিয়ে আসে তাকেও আসামি করা হবে।