আওয়ামী লীগ নির্বাচন নিয়ে তামাশা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা এমন মন্তব্যের জবাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভ্যাস হচ্ছে উদ্ভট উদ্ভট কথা বলা। গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকার তামাশা করে না, তামাশা করে বিএনপি ও তার হোতারা। বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিন নির্বাচন নিয়ে তামাশা করেনি এবং ভবিষ্যতেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।’
গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি উপজেলা দলীয় কর্মসূচীতে অংশ নিতে গতকাল আখাউড়ায় আসেন। তিনি রেলওয়ে জংশন স্টেশনে এসে পৌঁছলে ফুল দিয়ে তাকে বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্তি চক্রবর্তী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা।
তিনি তার নির্বাচনী এলাকাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল উপস্থিত ছিলেন।