স্বচ্ছতা, জবাবদিহিতা, নৈতিকতা ও পেশাদারিত্ব সব ক্ষেত্রে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী। কোনো শিক্ষার্থী যেন ভুল তথ্যের শিকার না হয়, কোনো অভিভাবক যেন প্রতারিত না হন এবং অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে শিক্ষার্থীর স্বপ্ন নষ্ট না হয়, সে বিষয়ে উচ্চশিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করার নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল শনিবার রাতে ঢাকার বনানীর একটি হোটেলে ‘ফরেন এডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (এফএসিডি-সিএবি) আয়োজিত নির্বাহী কমিটির এক বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পার্বত্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান বান্দরবানে কর্মরত সাংবাদিকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হলো মানবসম্পদ। এ জন্য পাহাড় ও সমতলের সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। পার্বত্য অঞ্চলের কোনো মেধাবী শিক্ষার্থী যেন কেবল ভৌগোলিক বা অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। বর্তমান বিশ্বে উচ্চশিক্ষা আর নির্দিষ্ট কোনো সীমারেখায় আটকে নেই। দেশের সন্তানরা আন্তর্জাতিক উন্নত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, প্রযুক্তি ও জ্ঞান অর্জন করবে এবং বিশ্বের দরবারে দেশের প্রতিনিধিত্ব করবে।
পাহাড়ের শিক্ষার্থীদের প্রসঙ্গ টেনে মন্ত্রী জানান, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে অনেক মেধাবী শিক্ষার্থী থাকা সত্ত্বেও সঠিক দিকনির্দেশনা ও তথ্যের অভাবে তারা আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ থেকে পিছিয়ে পড়ে। এ কারণে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষায় বিশেষ শিক্ষাবৃত্তি, আর্থিক সহায়তা, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযোগ স্থাপন, ভর্তি ও ভিসা সম্পর্কিত পরামর্শ এবং আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষার প্রস্তুতিতে সহায়তার ওপর জোর দেন তিনি। পাহাড়ি ও সমতলের শিক্ষার্থীদের বৈষম্য দূর করে একটি দক্ষ বাংলাদেশ গড়ার আহ্বান জানান মন্ত্রী।
বিদেশে উচ্চশিক্ষা পরামর্শক খাতের স্বচ্ছতা বিষয়ে মন্ত্রী জানান, শিক্ষার্থীরা যেন প্রতারণার শিকার না হয় সে বিষয়ে উক্ত সংগঠনকে সচেতন থাকতে হবে। স্বচ্ছতা ও পেশাগত মান ঠিক রাখলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহযোগিতা দেয়া হবে।
অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক জি এম ফারুক, সভাপতি জুলফিকার আলী জুয়েল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং আমন্ত্রিত বিশেষ অতিথি সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী ও সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের অন্যান্য নেতারা, সদস্য, শিক্ষাবিদ এবং উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।