বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাটে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছে।
রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় দুর্ঘটনায় নিহতরা হলেন নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র অটোরিকশা চালক আরাফাত হোসেন (২২) এবং বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী অটোরিকশা যাত্রী হাওয়া বেগম (৪৫)। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত জানান, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে কুন্দারহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বেগম মারা যান। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।