বিশ্ব শরণার্থী দিবস

রোহিঙ্গাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাজ্যের

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য।

একই সঙ্গে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার প্রতি সংহতি প্রকাশ করেছে দেশটি।

গতকাল ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় জানায়, ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী ও আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় যুক্তরাজ্য ৪৫২ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ সহায়তা দিয়েছে। নতুন বৈশ্বিক সংকটের মধ্যেও রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে তুলে ধরা এবং জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

বার্তায় বলা হয়, রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টাকে যুক্তরাজ্য সমর্থন দিয়ে যাবে। একই সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় সেবা ও জীবিকার সুযোগ সম্প্রসারণেও সহযোগিতা অব্যাহত থাকবে।

ব্রিটিশ হাইকমিশন জানায়, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের কাঙ্ক্ষিত সমাধান। তবে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং জীবিকার মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়তা দেয়া হবে।

বার্তায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি দীর্ঘদিনের অনিশ্চয়তা ও প্রতিকূলতার মধ্যেও রোহিঙ্গা জনগোষ্ঠীর সহনশীলতা ও দৃঢ়তার প্রশংসা করে যুক্তরাজ্য।

আরও