সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গতকাল এ অনুরোধ জানানো হয়।
এর আগে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসকদের কাছে একটি চিঠি পাঠানো হয়। সেখানে বাড়তি দামে এলপিজি বিক্রি ঠেকাতে আইনানুগ পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। সে চিঠির প্রেক্ষাপটে গতকাল গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছে এলওএবি।
মন্ত্রণালয়ের ওই চিঠিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বেচাকেনা হচ্ছে বলে গণমাধ্যমে খবর এসেছে। এমন পরিস্থিতিতে জনস্বার্থে বাজার তদারকি জোরদার করা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
এলওএবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এলপিজি বোতলজাতকারী প্রতিষ্ঠান থেকে সরকার নির্ধারিত মূল্যেই সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। এরই মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসকদের এ অনিয়মের বিরুদ্ধে অভিযান ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের এ মুহূর্তে জনদুর্ভোগ কমানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই দেশের সব এলপিজি পরিবেশক ও খুচরা বিক্রেতাকে সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির জন্য অনুরোধ করা হলো।’