নরসিংদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তামিম রহমান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদী রেলস্টেশনের অদূরে জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত তামিম পৌর শহরের বাসাইল এলাকার ফখরুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
রেলওয়ে পুলিশ ও তামিমের স্বজনেরা জানান, আজ সন্ধ্যায় তামিমের মা বাটিতে কাঁঠাল দিয়ে সদর উপজেলা মোড়ে ফুফুর বাসায় তাকে পাঠিয়েছিলেন। ফুফুর বাসায় যাওয়ার পথে জিরো পয়েন্ট এলাকায় রেললাইন পার হচ্ছিল তামিম। এ সময় সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নরসিংদী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এম বি এম জহুরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।