পরীক্ষা না দিয়ে মেধা তালিকায় স্থান

কুবির ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করে মেধা তালিকায় ১২তম হওয়ার ঘটনায় ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করে মেধা তালিকায় ১২তম হওয়ার ঘটনায় ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার আগ পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে।

গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) এবং ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু তাহের ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্তে একটা কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন আসা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে।

রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, সদস্য প্রকৌশল অনুষদের ডিন ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার এবং সদস্য সচিব ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক। গঠনের পর গতকাল থেকেই তদন্ত শুরু করে কমিটি।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর কুবির কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ নিয়ে গঠিত ‘বি’ ইউনিটে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ১২ নভেম্বর প্রকাশিত ফলাফলে দেখা যায় এতে ১২তম হয়েছেন ২০৬০৫০ রোলধারী ভর্তিচ্ছু শিক্ষার্থী। সিট প্ল্যান অনুযায়ী তার সিট পড়েছিল কোটবাড়ির টিচার্স ট্রেনিং কলেজে। তবে ওই কেন্দ্রে বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ২০৬০৫০ রোলধারী শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষা হলের উপস্থিতির তালিকায় তার স্বাক্ষরও নেই। এ তালিকায় তার নাম দেয়া আছে মো. সাজ্জাতুল ইসলাম। তবে মেধা তালিকায় স্থান পাওয়া এ ভর্তিচ্ছু সাক্ষাত্কারও দিতে আসেননি। এ নিয়ে ৩০ নভেম্বর বণিক বার্তায় ‘ভর্তি পরীক্ষা না দিয়েই মেধা তালিকায় ১২তম’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন ও ভর্তি কার্যক্রম স্থগিত করে কুবি প্রশাসন।

আরও