ইন্টার-ইউনিভার্সিটি টেবিল টেনিস ফেস্ট ২০২৬-এর পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। একই প্রতিযোগিতায় নারী এককের এলিট শ্রেণিতে আইইউবির এক শিক্ষার্থী চতুর্থ স্থান অর্জন করেছেন।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন-এর আয়োজনে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ঢাকার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয় থেকে ১৭৪ জন পুরুষ ও ৩৬ জন নারী খেলোয়াড় অংশ নেন।
এলিট পর্যায়ের পুরুষ দলগত ফাইনালে আইইউবি ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। চ্যাম্পিয়ন হওয়ায় ট্রফির পাশাপাশি দলটি ১৫ হাজার টাকা প্রাইজমানি অর্জন করে।
আইইউবির পুরুষ দলের সদস্য ছিলেন রামহিমলিয়ান বম, রিফাত মাহমুদ সাব্বির, মো. তালহা, তালুকদার মো. আব্দুল্লাহ ও মোহাম্মদ জুবাইর খান প্রিতম।
১৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ছিল তুরাগ অ্যাকটিভ। আইইউবি দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মো. হাফিজুর রহমান ও মো. কামরুজ্জামান। পুরো আয়োজনে আইইউবির শিক্ষার্থীদের অংশগ্রহণ সমন্বয় করে ডিভিশন অব স্টুডেন্ট অ্যাক্টিভিটিজ (ডোসা)।
-বিজ্ঞপ্তি