গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জাতীয় মহাসড়কে একটি কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় রফিক (৩৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতে উপজেলার ধাপেরহাট এলাকার একবারপুর গ্রামের হাজী মাল্টিমিডিয়া কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক টাঙ্গাইলের কালিহাতী উপজেলার তালিমা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রংপুরগামী একটি কাভার্ডভ্যানের পেছনে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালক রফিককের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ধারণা করা হচ্ছে, সামনে থাকা কাভার্ডভ্যানটিকে ট্রাকটি পেছন থেকে ধাক্কা দেয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।