গাইবান্ধায় খুচরা ব্যবসায়ীর ঘর থেকে ১৩৩ বস্তা টিএসপি সার উদ্ধার

প্রশাসনের তথ্যমতে, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অধিক দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে বিপুল পরিমাণ টিএসপি সার মজুদ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সেগুলো জব্দ করে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাদশা মিয়া (৫৫) নামের এক খুচরা সার ব্যবসায়ীর ঘর থেকে ১৩৩ বস্তা টিএসপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়ন পরিষদ ভবনের পাশের পিনুর মোড় এলাকা থেকে এ সার জব্দ করা হয়। বাদশা মিয়া ওই ইউনিয়নের হুড়াভায়াখাঁ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন। সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান ও সুন্দরগঞ্জ থানা পুলিশের একটি টিম।

প্রশাসনের তথ্যমতে, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বাদশা মিয়ার দোকানে অবৈধভাবে বিপুল পরিমাণ টিএসপি সার মজুদ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সেগুলো জব্দ করে। তদন্তে জানা যায়, উদ্ধার সার বিসিআইসি ডিলার ননি গোপাল সরকার ও মৃত প্রদীপ সরকারের জন্য বরাদ্দের। তারা এ সার অবৈধভাবে বাদশা মিয়ার দোকানে মজুদ করেন বিক্রির উদ্দেশ্যে।

স্থানীয়দের অভিযোগ, ডিলার ননি গোপাল ও প্রদীপ কুমার দীর্ঘদিন ধরে সরকারি বরাদ্দের সার নির্ধারিত গোডাউনে না রেখে বিভিন্ন খুচরা বিক্রেতার মাধ্যমে গোপনে বাজারজাত করে আসছেন। এতে উপজেলা কৃষি অফিসের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতাও রয়েছে বলে অভিযোগ উঠেছে।

গাইবান্ধা জেলা বাফার ইনচার্জ মো. হারুনুর রশিদ বলেন, উদ্ধার সারগুলো ডিলার ননি গোপাল সরকার উত্তোলন করেন।

তবে ডিলার মৃত প্রদীপ সরকারের ম্যানেজার জয়ন্ত বাবু দাবি করছেন, সারগুলো বিক্রি করা হয়নি। গোডাউনে জায়গার অভাবে পাশের ইউনিয়নের খুচরা ব্যবসায়ী বাদশা মিয়ার ঘরে সাময়িকভাবে রাখা হয়েছিল।

সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির বলেন, বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে যাই এবং সারগুলো জব্দ করি। বর্তমানে সেগুলো আমার জিম্মায় রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে গিয়ে ১৩৩ বস্তা টিএসপি সার উদ্ধার করি। তবে ঘরটি তালাবদ্ধ থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

আরও