চুয়াডাঙ্গায় কমছে না শীতের তীব্রতা। কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ। তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রির ঘরে। আজ (২৪ ডিসেম্বর) চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সকাল থেকে সূর্যের দেখা মেলেনি এ জনপদে। উত্তরের হিমেল হাওয়া প্রবাহমান থাকায় জনদুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। খুব প্রয়োজন ছাড়া কেউ কাজে বের হচ্ছেন না। শীতে দুর্ভোগে পড়েছে খেটে-খাওয়া ছিন্নমূল মানুষ। শীতের প্রকোপ বাড়তে থাকায় চুয়াডাঙ্গার সদর হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগাড়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। তাপমাত্রা আরো কমতে পারে বলে তিনি জানান।