মালদ্বীপে বসবাসরত বাংলাদেশী কর্মীদের বৈধকরণে উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। ৩০ এপ্রিলের মধ্যে সবাইকে বায়োমেট্রিক তথ্য জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ এ তথ্য জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) আয়োজিত ‘মালে থেকে ঢাকা: বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশী কর্মীদের অবদান গুরুত্বপূর্ণ। সেখানকার সব বাংলাদেশীকে নিয়মিত করার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। বায়োমেট্রিক কার্যক্রমের মাধ্যমে অনিয়মিতদের বৈধতার আওতায় আনা হবে।
উল্লেখ্য, এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এক বৈঠক অনুষ্ঠিত হয়। একই বৈঠকে ড. ইউনূস মালদ্বীপে বসবাসরত অনিয়মিত বাংলাদেশীদের বৈধকরণে পদক্ষেপ নেয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি মালদ্বীপে আরো বাংলাদেশী কর্মী নিয়োগের অনুরোধও জানান।