বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক অভিযান হয়েছে ২০২২ সালে। যার বেশিরভাগই সফলতার মুখ দেখেছে। বিশেষ করে নারী পর্বতারোহীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। সেই গল্প শোনা গেল সাম্প্রতিক এক আড্ডায়।
ছড়িয়ে-ছিটিয়ে হওয়া অভিযান ও অভিযাত্রীদের
এক ছাদের নিচে নিয়ে আয়োজিত হয়েছে ‘বিডি মাউন্টেনিয়ারস সামিট’ শিরোনামের অনুষ্ঠান। গতকাল
শুক্রবার (১০ মার্চ) পর্বতারোহীরা ২০২২ সালে সংগঠিত নানান অভিযানের গল্প শুনিয়েছেন
বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে।
অনুষ্ঠানে দেশের পর্বতারোহণের ইতিহাস
ও সামগ্রিক অবস্থা নিয়ে বলেন এভারেস্ট আরোহণকারী প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদার।
গত বছর তরুণ পর্বতারোহীদের হাত ধরে দারুণ সব অর্জন যুক্ত হয়েছে। কেটু কিংবা আমা দাবলামের মতো দুর্গম কিছু শৃঙ্গেও পা পড়েছে দেশের পর্বতারোহীদের। হাতে-কলমে শেখার উপযোগী মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণেও অংশ নিয়েছেন অনেক তরুণ। কিছু অভিযানে তারা মুখোমুখি হয়েছেন প্রকৃতির বিরূপতার। এ সময়ে বিভিন্ন ক্লাব ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে অভিযানের সংখ্যা কম নয়। পর্বতারোহীদের সেই সব গল্প শেষে ছিল প্রশ্নোত্তর পর্ব।
আয়োজনটি যৌথভাবে করেছে বাংলা মাউন্টেনিয়ারিং
অ্যান্ড ট্রেকিং ক্লাব, অভিযাত্রী, রোপফোর, দ্য কোয়েস্ট, ভার্টিক্যাল ড্রিমার্স, অদ্রি
এবং ক্লাইম্ব ফর আর্থ।