নওগাঁর বদলগাছী উপজেলায় একটি মুদি দোকানের সামনে পড়ে থাকা সাদা বস্তা থেকে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ঘটনাস্থলে গিয়ে বোমা নিষ্ক্রিয়কারী দল ককটেলগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বদলগাছী উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামে সম্পদ নামের এক ব্যবসায়ীর মুদি দোকানের সামনে থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। দোকানটি বদলগাছী আক্কেলপুর আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত।
সাদা বস্তার ভেতর থেকে এই ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জামগুলো পাওয়া গেছে। ছবি: বণিক বার্তা
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে টহল দেয়ার সময় ঝাড়ঘগিয়া এলাকায় সড়কের পাশে একটি সাদা বস্তা পড়ে থাকতে দেখেন র্যাবের সদস্যরা। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে র্যাব, সেনাবাহিনী ও পুলিশ একসঙ্গে সেখানে পৌঁছে বস্তাটি খুলে দেখেন। এ সময় বস্তার ভেতর থেকে ৬টি ককটেল ও ৪টি কাঁচের বোতল পাওয়া যায়। এসব বোতলে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম রাখা ছিল বলে নিশ্চিত করে পুলিশ।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে সরঞ্জামগুলো নিরাপদ স্থানে সরিয়ে বিশেষ পদ্ধতিতে নিষ্ক্রিয় করা হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিস্ফোরক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা ককটেলগুলো সক্রিয় অবস্থায় ছিল। সময়মতো সেগুলো নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
তিনি আরো জানান, কী উদ্দেশ্যে এসব বিস্ফোরক সেখানে রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।