চুরি হওয়া তার পুনঃস্থাপন করে তিস্তা সেতুতে ফের বিদ্যুৎ সংযোগ

গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর বহুল প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতুতে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর বহুল প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতুতে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। উদ্বোধনের পরদিন বৈদ্যুতিক তার চুরির ২১ দিনের মাথায় আবার সংযোগ দেয়া হলো সেতুতে। এতে খুশি সেতু দিয়ে চলাচল করা মানুষ ও স্থানীয়রা। এখন জনসাধারণের নিরাপত্তায় দুই পারে দুটি পুলিশ বক্স চাইছেন স্থানীয়রা।

গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়কপথে যোগাযোগ স্থাপন করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জের মাওলানা ভাসানী সেতু। সেতুটি উদ্বোধনের পরদিনই প্রায় ৩১০ মিটার বৈদ্যুতিক তার চুরি হয়ে গেলে সেতুর বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। সন্ধ্যা নামলেই ঘুটঘুটে অন্ধকারে ডুবে যেত এলাকা, ঘটত চুরি-ছিনতাইসহ নানা অপরাধ ও দুর্ঘটনা। ২১ দিন পর গত শুক্রবার পর্যন্ত সেতুর প্রায় ৮০ শতাংশ ল্যাম্পপোস্ট ও সংযোগ সড়কের বিদ্যুৎ সংযোগ সচল হয়েছে।

গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, ‘২১ দিনের চেষ্টায় সেতুর ৮০ ভাগ লাইটের বিদ্যুৎ সংযোগ সম্পন্ন করা হয়েছে। স্থানীয়দের দাবি ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সেতুর দুই প্রান্তে স্থায়ী পুলিশ বক্স স্থাপনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে।’

৯২৫ কোটি টাকা ব্যয়ে এলজিইডির বাস্তবায়নে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর ওপর ১ হাজার ৪৯০ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়। গত ২০ আগস্ট উদ্বোধন হয় সেতুটি। উদ্বোধনের পরদিন বৈদ্যুতিক তার চুরির তিনদিন পর চুরি হয়ে যায় সেতুর দুই শতাধিক রিফ্লেক্টর লাইটও।

আরও