কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার শিয়ালডাঙ্গী মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা তানহা পরিবহনের একটি বাস শিয়ালডাঙ্গী এলাকায় পৌঁছালে একটি ভ্যানকে পাশ কাটানোর চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজনের মরদেহ রাখা হয়েছে। আহত অন্তত ২০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহত ১১ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।