কনটেইনার পরিবহনের বৈশ্বিক তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। এই বন্দরের নতুন অবস্থান এখন ৬৮তম।
২০২৪ সালে বিশ্বের বিভিন্ন বন্দরের কনটেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে এই তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদমাধ্যম লয়েডস লিস্ট। আজ শনিবার ‘ওয়ান হান্ড্রেড পোর্টস ২০২৫’ শীর্ষক বিশেষ প্রকাশনায় এই তালিকা প্রকাশ করা হয়।
লয়েডস লিস্টের প্রকাশনায় বলা হয়েছে, ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর ৩২ লাখ ৭৫ হাজার একক কনটেইনার পরিবহন করেছে। ২০২৩ সালে কনটেইনার পরিবহন হয়েছিল ৩০ লাখ ৫০ হাজার। এ হিসেবে কনটেইনার পরিবহন সাত দশমিক ৩৭ শতাংশ বেড়েছে।
চট্টগ্রাম বন্দরের চারটি কনটেইনার টার্মিনাল, কমলাপুর কনটেইনার ডিপো ও পানগাঁও নৌ টার্মিনাল মিলে এসব কনটেইনার ওঠানো-নামানো হয়েছে। এর অর্থ কনটেইনার পরিবহন বাড়লেও বৈশ্বিক তালিকায় পিছিয়ে গেছে চট্টগ্রাম বন্দর।
লয়েডস লিস্টের ক্রমতালিকা অনুযায়ী, গত বছর চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৬৭তম। গত এক দশকে চট্টগ্রাম বন্দরের অবস্থান সবচেয়ে ভালো ছিল ২০১৯ সালে। ওই বছর এ বন্দরের অবস্থান ছিল ৫৮তম।
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বণিক বার্তাকে বলেন, লয়েডস লিস্ট আমাদের আনুষ্ঠানিকভাবে ক্রমতালিকা বা বৈশ্বিক অবস্থানের তথ্য জানালেও এবার এখনো তারা জানায়নি। প্রতিষ্ঠানটি তথ্য জানানোর পরই প্রতিক্রিয়া জানাব।
কোন বন্দর কত কনটেইনার পরিবহন করল তার তুলনা করে লয়েডস লিস্টের এই ক্রমতালিকা তৈরি করা হয়। এ তালিকা দিয়ে বন্দরে সেবার মান বিচার করা হয় না। তবে কনটেইনার পরিবহনের সংখ্যা দিয়ে অঞ্চলভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারণা পাওয়া যায়।
বাংলাদেশের শুধু চট্টগ্রাম বন্দরই প্রতি বছর ১০০ বন্দরের তালিকায় স্থান পাচ্ছে। সমুদ্রপথে দেশের কনটেইনার পরিবহনের ৯৯ শতাংশ এই চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। মোংলা বন্দর দিয়ে পরিবহন হয় মাত্র এক শতাংশ।
লডেয়ডস লিস্টের প্রকাশনা অনুযায়ী, শীর্ষ তালিকায় স্থান পাওয়া ১০০টি বন্দরে গত বছর ৭৪ কোটি ৩৬ লাখ একক কনটেইনার ওঠানো নামানো হয়েছে। ২০২৩ সালের তুলনায় এসব বন্দরে গড়ে কনটেইনার পরিবহন বেড়েছে প্রায় আট শতাংশ। তালিকায় শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর। গত বছর বন্দরটি দিয়ে ৫ কোটি ১৫ লাখ একক কনটেইনার পরিবহন হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর। বন্দরটি গত বছর পরিবহন করেছে চার কোটি ১১ লাখ একক কনটেইনার। সবার শেষে, অর্থাৎ ১০০তম স্থানে রয়েছে চিলির সান অন্তোনিও বন্দর। এই বন্দর দিয়ে কনটেইনার পরিবহন হয়েছে ১৮ লাখ।