নির্বাচনের ফল মেনে শক্তিশালী বিরোধী দল গড়ার ঘোষণা জামায়াত আমিরের

'আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি।‘

'আপনাদের প্রচেষ্টা বৃথা যায়নি। ৭৭টি আসন নিয়ে আমরা সংসদে আমাদের উপস্থিতিকে প্রায় চার গুণ বৃদ্ধি করেছি এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে দাঁড়িয়েছি। এটি কোনো পরাজয় নয়; এটি একটি ভিত্তি।‘

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর জনগণের ম্যান্ডেটকে স্বীকৃতি দিয়ে এক দিকনির্দেশনামূলক বার্তায় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত কয়েক মাসের নিরলস পরিশ্রম, ত্যাগ এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় কর্মীদের লড়াইয়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সে সঙ্গে, শক্তিশালী বিরোধী দল হওয়ার অঙ্গীকার করেছেন নির্বাচনে ১১ দলীয় জোটের এই শীর্ষ নেতা।

শুক্রবার দিবাগত রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে তিনি তার বক্তব্য দেন।

সেখানে তিনি বলেন, ‘গত কয়েক মাস ধরে যে অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থক অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের অনেকেই সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন। অনেকে কেবল নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। আপনাদের এই সাহস আমাদের গণতন্ত্রকে আরো শক্তিশালী করেছে।‘

নির্বাচনের ফলাফলকে ইতিবাচকভাবে গ্রহণ করার বার্তা দিয়ে তিনি বলেছেন, ‘আমি জানি আপনাদের মধ্যে অনেকেই এখন ব্যথিত ও গভীরভাবে হতাশ। এটা স্বাভাবিক। যখন আপনি কোনো মহৎ উদ্দেশ্যে নিজের হৃদয় দিয়ে কাজ করেন, তখন তার ফলও ততটাই অনুভূত হয়। তবে আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের প্রচেষ্টা বৃথা যায়নি। ৭৭টি আসন নিয়ে আমরা সংসদে আমাদের উপস্থিতিকে প্রায় চার গুণ বৃদ্ধি করেছি এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে দাঁড়িয়েছি। এটি কোনো পরাজয় নয়; এটি একটি ভিত্তি।‘

গণতান্ত্রিক রাজনীতিকে দীর্ঘ পথ আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, ’আমাদের পথ এখন সুষ্পষ্ট: মানুষের আস্থা অর্জন, ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় রাখা এবং ভবিষ্যতের জন্য দায়িত্বশীলভাবে প্রস্তুতি নেয়া।‘

নির্বাচনের সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিয়ে তিনি বলেন, ‘শুরু থেকেই আমরা একটি স্থিতিশীল এবং কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। সেই প্রতিশ্রুতি এখনো অটুট। আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি।‘

সংসদে বিরোধী দল হিসেবে নিজেদের কর্মপন্থা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দৃঢ়, নীতিবান ও শান্তিপূর্ণ বিরোধী শক্তি হিসেবে কাজ করব; জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখার পাশাপাশি সরকারকে জবাবদিহিতার আওতায় রাখব। নীতিনিষ্ঠ ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি আমাদের অঙ্গীকার অবিচল থাকবে।‘

আরও