মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। গতকাল দেশটির প্রিন্স কোর্ট হাসপাতালে তাদের সাক্ষাৎ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঠানোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, হাসপাতালে গিয়ে বিএনপি নেতার চিকিৎসার সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন মিয়া গোলাম পরওয়ার এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান রবের নিকট দোয়া করেন।
এসময় মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে প্রথমে সিঙ্গাপুর নেয়া হয়। পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় পাঠানো হয়।