ইঞ্জিনে ত্রুটি

৮০০ যাত্রী নিয়ে ছয় ঘণ্টা আটকে থাকার পর ফেনী ছাড়ল চট্টলা এক্সপ্রেস

ইঞ্জিনে ত্রুটির কারণে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস প্রায় ছয় ঘণ্টা আটকে থাকার পর ফেনী রেল স্টেশনের প্লাটফর্ম ছেড়েছে। এ সময় ট্রেনে আটকে পড়া প্রায় ৮০০ যাত্রীর মধ্যে অস্বস্তি ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। অনেকেই নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় পড়েন।

আজ সকাল ৭টা ৪২ মিনিটে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী স্টেশনে ট্রেনটি প্রবেশ করে। এরপর ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে সেটি প্লাটফর্মেই আটকে যায়। পরে ইঞ্জিনের সমস্যা সমাধান করে প্রায় ছয় ঘণ্টা পর দুপুর ১টা ১০ মিনিটে ট্রেনটি রাজধানীর উদ্দেশে ছেড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও জিআরপি পুলিশের তথ্যানুযায়ী, সকালে ট্রেনটি প্লাটফর্মে ঢোকার সময় ইঞ্জিনের ‘ট্যাবলেট কভার’ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। একপর্যায়ে সহকারী লোকোমাস্টার (এএলএম) মোহাম্মদ কাওসার ইঞ্জিনের ত্রুটি সারানোর চেষ্টা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মাদ রুবাইয়াত বিন করিম জানান, ধোঁয়ার কারণে ওই রেলকর্মীর মুখ ও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বলেন, লাকসাম থেকে একটি রিলিফ ট্রেন এসে ইঞ্জিনের ত্রুটি মেরামতে সহায়তা করে। এরপর দুপুর ১টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। দীর্ঘ সময় ট্রেনটি প্লাটফর্মে অবস্থান করলেও অন্য দুটি লাইন সচল থাকায় রেল চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেনি। তবে চট্টলা এক্সপ্রেসের ফেনী স্টেশনের অনেক যাত্রী টিকিট ফেরত দিয়ে বিকল্প উপায়ে গন্তব্যে রওনা দেন।

আরও