কক্সবাজারে টানা ভারী বর্ষণে পাহাড় ও দেয়ালধসে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার কক্সবাজারের শহরতলির দরিয়ানগরে এ ঘটনা ঘটে। নিহত নাসিমা আক্তার (২৭) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা বড়ছড়া এলাকায় বাস করতেন।এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা নাসিমার স্বামী জসিম উদ্দিন (৪০) ও তাদের এক সন্তানকে জীবিত উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে গত দুই দিনে জেলায় পাহাড়ধসে মোট ১১ জনের মৃত্যু হলো। নিহতদের মধ্যে আটজনই রোহিঙ্গা।
অব্যাহত বৃষ্টিপাতের কারণে জেলার পাহাড়ঘেরা এলাকায় নতুন করে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। অনেক সড়ক-উপসড়ক পানিতে তলিয়েছে।
কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত জেলায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত আরও ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম অঞ্চল বৃষ্টিপাতের প্রধান হটস্পট। এর প্রভাব কক্সবাজারেও পড়ছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি সবাইকে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানান।