চুয়াডাঙ্গার আকন্দবাড়ীয়ায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চাষীদের কাছে সার বিক্রির অভিযোগে কিটনাশক সার বীজ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা আদায় করেছে।
চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, রোববার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়ায় মুদি ও কিটনাশক সার-বীজ দোকানে তদারকি করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বেশী দামে সার বিক্রির অভিযোগে মেসার্স কামরুল ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুল হাসানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৪০ ধারা অনুসারে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ১ হাজার ৮৫০ টাকায় টিএসপি সার বিক্রি করছেন এ ব্যবসায়ী। আর বাংলা টিএসপি ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি করার অভিযোগ আছে।
এছাড়া, ৮ বস্তা বাংলা টিএসপি নকল সন্দেহে জব্দ করে পরীক্ষার জন্য সদর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে। পরীক্ষার পর এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। এসময় বাজারের অন্যান্য প্রতিষ্ঠানের মালিককে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য, ঔষধ, বীজ বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়।
তদারকি কাজে সহযোগীতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একদল সদস্য।