নির্বিঘ্নে
ধর্ম পালন করার জন্য নির্জন এলাকায় ‘হিজরতের’ উদ্দেশ্যে ঘরছাড়া নয় তরুণ-তরুণীকে
উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে র্যাব। গত ২২ ডিসেম্বর গৃহত্যাগ করা চার
তরুণ ও পাঁচ তরুণীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাদের মোটিভ জানা যায়।
আজ সোমবার
(২ জানুয়ারি) র্যাব জানায়, গত ২২ ডিসেম্বর ‘ফেতনা’ থেকে দূরে নিরিবিলি পরিবেশে গিয়ে
ধর্মচর্চা করার জন্য ঘর ছাড়েন তারা। পরে পরিবারের করা জিডির সূত্র ধরে ২৫ ডিসেম্বর
র্যাবের অভিযানে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদের জিজ্ঞাসাবাদ এবং
কাউন্সেলিং করা হয়। এতে নয় তরুণ-তরুণী তাদের ভুল বুঝতে পেরে পরিবারের কাছে ফিরে
যাওয়ার ইচ্ছার কথা জানান।
আজ র্যাব
সদরদপ্তরে একটি অনুষ্ঠানের
মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় র্যাবের মহাপরিচালক এম খুরশীদ
হোসেন তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বই এবং ১০ হাজার করে টাকা উপহার দেন। তিনি ওই
নয়জনকে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশসেবায় অংশ নেয়ার উপদেশ দেন।
র্যাব আরো জানায়, ইন্টারনেটে ভিন্ন দেশের মুসলিমদের নির্যাতনের ভিডিও ও ছবি দেখে সহানুভূতিশীল হন তারা। একটি গ্রুপ খুলে একত্রিত হয়ে তারা একজনের উস্কানিতে নিরিবিলি পরিবেশে ধর্মচর্চার জন্য গৃহত্যাগ করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের উদ্ধার করে র্যাব।