চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. শরিফ উদ্দিন ওরফে দুলাল (৪০) চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সহসভাপতি এবং চরবাগডাঙ্গা ফাটাপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি রাজশাহীর রাজপাড়া থানার নতুন বিলশিমলা এলাকায় বসবাস করতেন। গতকাল বেলা ২টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে শরিফ উদ্দিন দুলালকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়ার একটি বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুই যুবক নিহত হন। আহত হন আরো তিনজন। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মো. ইউসুফ ও মো. শাকিলসহ আহত তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছিল।