চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক উল্টে রাস্তায় ছড়িয়ে পড়েছে গ্যাস সিল্ডিার। এ সময় সড়ক বিভাজকের ওপর পড়ে থাকতে দেখা গেছে এক পথচারীর থেঁতলে যাওয়া মরদেহ। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নিজামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক ও হেলপার।
নিহত পথচারী নাম আব্দুর রহমান (৪২)। তিনি উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা। তিনি় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার নিজামপুর এলাকার চট্টগ্রামমুখী লেনে এলপিজি সিলিন্ডারবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকটি পাশে থাকা পথচারী আব্দুর রহমানকে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কুমিরা হাইওয়ে থানার ওসি জাকির রব্বানী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ টিম গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হলেও এখন স্বাভাবিক রয়েছে।’
সরজমিনে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, নিজামপুর বাজারে পদচারী সেতুর নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে কাত হয়ে পড়ে ছিল দুর্ঘটনাকবলিত ট্রাকটি। স্থানীয় কিছু মানুষ মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গ্যাস সিলিন্ডার যাতে চুরি না হয়, সেই দায়িত্ব পালন করছেন। দুর্ঘটনার কারণে ওই স্থানে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশের বিকল্প রাস্তায় ধীরগতিতে চলাচল করতে হয় চট্টগ্রামমুখী বিভিন্ন যানবাহনকে। এতে চট্টগ্রামমুখী লেনের নিজামপুর বাজার থেকে বড়তাকিয়া বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তায় তৈরি হয় যানজট।
ভ্যানচালক মো. সালাউদ্দিন বলেন, ‘ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এরপর কাত হয়ে পড়ে। এতে ট্রাকে থাকা শত শত গ্যাস সিলিন্ডার রাস্তায় ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর কিছু লোক গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়ার চেষ্টা করলেও আমরা কাউকে নিতে দিইনি।’