পাঁচ দাবিতে ভোলায় তিন উপদেষ্টার গাড়ি অবরোধ

ভোলা-বরিশাল সেতু নির্মাণ, বাসাবাড়িতে গ্যাস সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপনসহ পাঁচ দফা দাবিতে ভোলায় তিন উপদেষ্টার গাড়ি অবরোধ করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

ভোলা-বরিশাল সেতু নির্মাণ, বাসাবাড়িতে গ্যাস সংযোগ ও মেডিকেল কলেজ স্থাপনসহ পাঁচ দফা দাবিতে ভোলায় তিন উপদেষ্টার গাড়ি অবরোধ করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। গতকাল বিকাল সোয়া ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে জেলা বিএনপির হস্তক্ষেপে তারা সরে যান।

এর আগে বিকাল ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলার অর্থনৈতিক উন্নয়নসংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দীন। এ সময় উপদেষ্টা ফাওজুল কবিরের কাছ থেকে ভোলা-বরিশাল সেতুর বিষয়ে আশানুরূপ কোনো বক্তব্য না পাওয়ায় প্রথমে বিক্ষোভ করা হয় এবং এরপর তিন উপদেষ্টার গাড়ির সামনে শুয়ে পড়েন কয়েকজন।

আন্দোলনকারীদের একজন মীর মোশারেফ ওমি। তিনি বলেন, ‘অনেক বছর ধরে ভোলা-বরিশাল সেতু, জেলার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ স্থাপনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের কোনো দাবি বাস্তবায়িত হয়নি। শুধু একজনের পর একজন এসে আশ্বাস দিয়ে যাচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।’

প্রায় ২০ মিনিট ধরে উপদেষ্টাদের গাড়ির সামনে আন্দোলনকারীরা শুয়ে থেকে ছিলেন। এক পর্যায়ে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর ও পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা সরে গেলে উপদেষ্টারা সভাস্থল ত্যাগ করেন।

এর আগে সভায় উপদেষ্টা ফাওজুল কবির খান বাসাবাড়িতে গ্যাস সংযোগের কথা ভুলে যেতে বলেন। আপাতত ভোলা-বরিশাল সেতুও হচ্ছে না বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘ডিসেম্বরের মধ্যে সেতুর কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখন তা করা সম্ভব হচ্ছে না। কেননা নদীর গতিপথ পরিবর্তনসহ নানা ধরনের সমস্যার কারণে নকশা পরিবর্তন করতে হবে। তাতে করে এ মুহূর্তে সেতুর কাজ করা সম্ভব হচ্ছে না।’

তবে সেতু করার যে কার্যপ্রণালি শুরু হয়েছে, তা চলমান থাকবে বলেও তিনি জানান। পাশাপাশি ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়ার বিষয়টি সবাইকে ভুলে যেতে বলেন। কেননা সারা দেশেই আবাসিক খাতে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। তারই ধারাবাহিকতায় ভোলায় গ্যাস সংযোগ চালু করার কোনো সুযোগ নেই।

আরও