গাইবান্ধার সুন্দরগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে পরিতোষ চন্দ্র (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে রামজীবন ইউনিয়নের সূবর্ণদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় (খেরবাড়ী) এলাকায় সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত পরিতোষ চন্দ্র রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের ভরাট ভাংনী গ্রামের ধীরেন্দ্রনাথ চন্দ্রের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিতোষ মোটরসাইকেল চালিয়ে গরুবোঝাই একটি ভটভটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।
পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।