মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘নারীর ক্ষমতায়নের জন্য আমাদের দরকার তৃণমূলের সংগঠনগুলোকে সহযোগিতা করা, যেভাবে মানুষের জন্য ফাউন্ডেশন করে থাকে। আমার মনে হয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নীতিমালা থাকা উচিত। আমাদের এমন একটি নীতি থাকা উচিত যেখানে সরকার এবং বেসরকারি (এনজিও) উভয় সংস্থা জাতীয় অগ্রাধিকার অর্জনের জন্য একসঙ্গে সমন্বয় করবে।’
মঙ্গলবার (২৭ মে) ঢাকায় মানুষের জন্য ফাউন্ডেশনের নবায়িত প্রকল্প ‘Renewed Women’s Voice and Leadership’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন, ‘এনজিওতে যে সামাজিক কাজ হয় সেটি রাষ্ট্রীয় কাজের মধ্যেই পড়ে। এখানে অংশীদারত্বের জায়গায় আসা উচিত। সরকার এগুলোকে আগে আড়চোখে দেখত। এখন এগুলো গুছিয়ে নেয়ার সময় এসেছে।’
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং বলেন, ‘নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে আমাদের অঙ্গীকারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কানাডা গর্বের সঙ্গে এ উদ্যোগকে সমর্থন করছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম তার স্বাগত বক্তব্যে ‘Women’s Voice and Leadership’ প্রকল্পটি পুনরায় শুরু করায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা চুপ থাকব না। আমরা ঘরের কাজ, চাকরি ও সম্পত্তিতে সমানাধিকার চাইব।’
লিঙ্গ সমতা কেবল নারীদের বিষয় নয় বরং এটি মানবাধিকার, ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে অগ্রসর হওয়ার একটি মাধ্যম। এ লক্ষ্য অর্জনে সব অংশীজনের সহযোগিতা ও ঐক্য প্রয়োজন।
বাংলাদেশে কানাডার হাইকমিশন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ৫০টিরও বেশি সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন, যার মধ্যে নারী অধিকারভিত্তিক সংগঠন, নারী নেটওয়ার্ক এবং প্রান্তিক সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরাও ছিলেন।