জাবিতে প্রশাসনিক ভবন থেকে নামানো হলো শেখ মুজিবুর রহমানের ছবি

সমন্বয়ক নাজমুল ইসলাম লিমন বলেন, আমরা চাই নতুন বাংলাদেশে কোনো অফিসে আর কারো ছবি থাকবে না। এখন থেকে নতুন সংস্কৃতি চালু হোক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রশাসনিক ভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করেছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ বিশ্ববিদ্যালয় শাখা।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১টায় প্রশাসনিক ভবন থেকে ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা প্রশাসনিক ভবনের কাউন্সিলর কক্ষ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন।

ছবি নামানোর সময় ‘মুজিববাদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও; ‘মুজিবের গদিতে, আগুন জ্বালো একসাথে’; মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না; স্লোগান দেন তারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক তৌহিদ আহমেদ সিয়াম বলেন, হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা এ দেশ থেকে খুনি-ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। খুনি হাসিনা যাকে পুঁজি করে, যার আদর্শ পুঁজি করে সারা দেশে ফ্যাসিস্টের জন্ম দিয়েছিল সেই ফ্যাসিস্টের সবচেয়ে বড়ো ভগবান ছিল ফ্যাসিস্ট মুজিব।

তিনি বলেন, এই বাংলাদেশে ফ্যাসিস্ট মুজিবের ঠিকানা হবে না। সেই জায়গা থেকে আমরা দেখেছি রাষ্ট্রীয় পর্যায় থেকে মুজিবের ছবি সরানো হয়েছে। সেই থেকে আমরা বলেছিলাম যে জাহাঙ্গীরনগরে কোনো মুজিবের ছবি থাকবে না। সে প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে মুজিবের ছবি সরানোর মাধ্যমে আমরা মুজিবমুক্ত করেছি।

সমন্বয়ক নাজমুল ইসলাম লিমন বলেন, আমরা চাই নতুন বাংলাদেশে কোনো অফিসে আর কারো ছবি থাকবে না। এখন থেকে নতুন সংস্কৃতি চালু হোক।

আরও